খুবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে এমওইউ স্বাক্ষর

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ প্রদান এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। ২৭ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের পক্ষে সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর উপস্থিতিতে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সফট স্কিল উন্নয়নের মাধ্যমে তাঁদের কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি আরও সহজ হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. এস এম সালাউদ্দীন, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেট ইউনিটের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. আলিমুল আজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার হাবের ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান তমা।
এ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ এবং ব্র্যাক ক্যারিয়ার হাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্র্যাকের সহযোগিতায় একটি ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা ও পরিচালনা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রয়োজনীয় ক্যারিয়ার উন্নয়ন দক্ষতা ও উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের কর্মসংস্থানযোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়ানো। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দক্ষতার ঘাটতি বিবেচনায় নিয়ে তাদের উপযুক্ত ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়া হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্যারিয়ার হাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং বা পেশাগত পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া চাকরির সাক্ষাৎকারের কৌশল, যোগাযোগদক্ষতা, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি এবং সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পদের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মশালা ও অন্যান্য সহায়ক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়ন এবং বিভিন্ন পেশা ও ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চাকরির বাজারের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সামঞ্জস্য তৈরিতে সহায়তা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি তাঁদের কাঙ্ক্ষিত পেশা বেছে নেওয়া এবং সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি হবে।
ভোরের আকাশ/আ.র