খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় নিহত ২

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন আঠারমাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুল বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৩) এবং একই গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৫)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, আব্দুর রউফ গাজী চুকনগরের একজন মৎস্য আড়ত ব্যবসায়ী। মঙ্গলবার তাঁর আড়তে মাছ বিক্রি করতে আসা তালা এলাকার কয়েকজন মাছচাষির বকেয়া টাকা পরিশোধ করতে তিনি কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে রাত ৮টার দিকে চুকনগরে যান।
টাকা পরিশোধ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাত দেড়টার দিকে আঠারমাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ইমাদ পরিবহন বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসটির নম্বর জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছিটকে প্রায় ১৫ ফুট দূরে সড়কের ওপর পড়ে। এতে গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই আব্দুর রউফ ও ইউনুসের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ