সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যু

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে পরিবারসহ রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী ছিলেন।
পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান এলাকায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চলতি বছরের ১৫ নভেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমার মরদেহ ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভোরের আকাশ/ র.ই