সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক অভিযান, আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আরও ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৬ মে ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বোট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে একটি বোট থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা জব্দ করা হয়।
এ ঘটনায় ৩ জন পাচারকারীকে আটক এবং ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। আটককৃতরা মো. ইলিয়াস (৩৫), মো. রিয়াজ (৩০), মো. তৈয়ব (২৪), মো. ইমরান (২১), মো. ফোরকান (৫৫), মো. নাসির (৩৫), মো. করিম (৩২), মো. আশরাফুল আলম (২৪), মো. হাসনাইন (২২) ও মো. উসমান (২৮)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
ভোরের আকাশ/ র.ই