রাখাইনের গ্রামে ফিরবে রোহিঙ্গারা, বিশ্ব তাদের ভুলে যায়নি’

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছে। দ্য হেগের এই রায় এখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে কক্সবাজারের আশ্রয়শিবির থেকে শুরু করে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রতিটি গ্রামে বাস্তবায়ন করতে হবে।
রোহিঙ্গাদের উদ্দেশে এমন আশার বাণী শুনিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যায়নি এবং নিজ দেশে তাদের ফেরার সুযোগ তৈরি হয়েছে।
ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী রূপরেখা নির্ধারণে তিনি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের সাথে আলোচনা করবেন। বিশেষ করে ক্যাম্পে থাকা নারী, শিশু ও তরুণদের না বলা কথা ও আকাঙ্ক্ষাগুলো বিশ্বদরবারে জোরালোভাবে তুলে ধরা হবে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখটিকে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের যাত্রার ঐতিহাসিক সূচনা হিসেবে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
টেকসই প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তা চলমান রাখার ওপর গুরুত্বারোপ করেন জাতিসংঘের এই শীর্ষ প্রতিনিধি। তিনি উল্লেখ করেন, শিশুদের শিক্ষা ও পুষ্টি এবং পরিবারগুলোর স্বাস্থ্য, সুরক্ষা ও আবাসন নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই বিশাল চাপ সামলানো সম্ভব নয়। তাই উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অর্থায়নের হাত আরও প্রসারিত করতে হবে।
বক্তব্যে ন্যায়বিচারের লড়াইয়ে পাশে থাকার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় যুক্ত হওয়া ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারকমণ্ডলী এবং জাতিসংঘের তদন্তকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। পাশাপাশি দীর্ঘ সময় ধরে মানবিকতার পরিচয় দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং বিশেষ করে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির এই বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গা নেতারা। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে প্রাণে বাঁচিয়েছেন। তবে আমরা চিরকাল ক্যাম্পের বন্দি জীবনে থাকতে চাই না। আমরা আশা করি, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে এবং আমাদের দীর্ঘদিনের অনিশ্চিত জীবনের অবসান ঘটবে।
ভোরের আকাশ/ এনউব