ত্রয়োদশ সংসদ নির্বাচন
দায়িত্বে অবহেলার কারণে দুই আনসার সদস্য আটক

খুলনার পাইকগাছা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র ত্যাগ করে পৌরসভা এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করার অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উপস্থিতিতে তাদের আটক করা হয়। আটক দুই সদস্যের মধ্যে একজনের কাছ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাদের আনসার কার্যালয়ে নজরবন্দির আওতায় আনা হয় এবং তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে নতুন করে দুইজন আনসার সদস্য পাঠানো হয়েছে।
এদিকে, বুলবুলি নামে এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে ১২৯ নম্বর কেন্দ্রে এক প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী দায়িত্বে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।
ভোরের আকাশ/ র.ই