থাইল্যান্ডে আন্তর্জাতিক অলিম্পিয়াডে ইধিনের একাধিক পদক অর্জন

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে কক্সবাজারের ক্ষুদে মেধাবী শিক্ষার্থী মাহভিন রহমান ইধিন। বিজ্ঞান, ইংরেজি ও গণিত বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। তার সাফল্যে গর্বিত কক্সবাজারবাসী।
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস লিগ (ACL) গ্লোবাল রাউন্ডে বিজ্ঞান, ইংরেজি ও গণিত অলিম্পিয়াডে অংশ নেয় মাহভিন রহমান ইধিন। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সে ডায়মন্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে ‘ডেইলি লাইফ আইনস্টাইন’ শীর্ষক বিশেষ অ্যাওয়ার্ডও লাভ করে।
মাহভিন রহমান ইধিন কক্সবাজারের BIAM Laboratory School & College-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একাধিক বিষয়ে সাফল্য অর্জন তার মেধা, অধ্যবসায় ও প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইধিনের এই অর্জনের খবর কক্সবাজারে পৌঁছালে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, ছোটবেলা থেকেই মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখা মাহভিন রহমান ইধিন ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনবে।
মাহভিন রহমান ইধিন ব্যাংকার দম্পতি মার্জিনা বেগম হ্যাপি ও মীর মোহাম্মদ মাসুদুর রহমানের কন্যা। তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান মোহাম্মদ উর রহমান মাসুদের ভাগিনী।
ইধিনের এমন সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কক্সবাজারবাসীর মাঝে বইছে আনন্দের হাওয়া। তাদের বিশ্বাস, যথাযথ সহযোগিতা ও উৎসাহ পেলে এই ক্ষুদে মেধাবী ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরও বড় অর্জন এনে দিতে সক্ষম হবে।
ভোরের আকাশ/এনউব