কমলনগরে চেয়ারম্যান পদে ইব্রাহিম সুমনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মো. ইব্রাহিম সুমনের সমর্থনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চর কালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বালুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মো. ইব্রাহিম সুমনকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থাকা এবং রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের একনিষ্ঠ কর্মী হিসেবে ইব্রাহিম সুমন স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়ার বিষয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন চর কালকিনি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ মেম্বার, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, ওয়ার্ড বিএনপি নেতা বাংলা জামাল, ফারুক বাঘা, অদুদ মাঝি ও তানভীর আহম্মদ।
এ ছাড়া ইউনিয়ন যুবদল নেতা মো. জুয়েল, ডা. শাহাদাত, মহিলা দলের নেত্রী রেখা বেগম ও খালেদা আক্তার, তাঁতী দলের নেতা আল আমিন এবং ছাত্রনেতা আজাদ, রুবেল, বেলাল ও দিদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ইউএম