কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের দুই পুলিশ সদস্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে কথা বলছেন। আশা করা যায়, খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।
ব্রাহ্মণপাড়া পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা।
এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে আটক করেন। এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।
বর্তমানে আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ইউএম