রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চুনারুঘাট হাসপাতালে ভাঙচুর

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মারধর এবং হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা (২১) নামের এক রোগী স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রোগীর স্বজনরা তাকে সিলেটে না নিয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, রোগীর শ্বাসকষ্ট থাকায় হাসপাতালে আনার পর তাকে প্রথমে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি তার জন্য আরও দুটি ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং একটি ওষুধ হাসপাতালে না থাকায় তার স্বজনদের বাইরে থেকে কিনে আনতে বলা হয়। কিন্তু ওষুধ কিনে নিয়ে আসার আগেই রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. মোজাম্মেল হোসেন আরও জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে তার স্বজনরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম ও নার্সদের মারধর ও লাঞ্ছিত করেন। এ সময় তারা হাসপাতালের আসবাবও ভাঙচুর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই রোগী চার মাস আগে সন্তান প্রসব করেছিলেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। এই ঘটনার বিষয়ে চুনারুঘাট থানায় মৌখিকভাবে জানানো হলেও এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
ভোরের আকাশ/ এনউব