সাবেক ছাত্রলীগ নেতার বাসার রান্নাঘরে আগুন

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা হাসান মৃধার বাসার তৃতীয় তলার রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর রান্নাঘরে তরকারি রান্না করার সময় চুলা জ্বালানো অবস্থায় অসাবধানতাবশত সেখান থেকে চলে যাওয়ার পর আগুনের সূত্রপাত হয়।
আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ সময় আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে গিয়ে এদিন পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি আল রাফি আহত হন।
হাসান মৃধার চাচা ফয়েজ মৃধা বলেন, সন্ধ্যার পর রান্নাঘরে তরকারি রান্না করা হয়েছিল।
পরে অসাবধানতাবশত চুলা জ্বালানো অবস্থায় রান্নাঘর থেকে চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়।
সংবাদকর্মী আল রাফি বলেন, “আমি আমার দোকান থেকে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাই।
পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করি। এ সময় আমি আহত হই।”
বাউফল থানার এসআই মশিউর রহমান বলেন, রান্নার পর অসাবধানতাবশত চুলা জ্বালানো অবস্থায় চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন বলেন, “বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থল ঝুঁকিমুক্ত।
রান্নাবান্নার সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে চুলা জ্বালিয়ে রেখে রান্নাঘর ত্যাগ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে খবর পেয়ে বাউফল থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভোরের আকাশ/ এনউব