সিরাজগঞ্জে মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এই দুটি মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।রায় ঘোষনার সময় আসামিরা পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার যাদবপুর গ্রামের ট্রাক চালক কাজী বুলবুল হোসেন একই জেলার ট্রাক হেলপাড় ডেরবা সাত পোতা গ্রামের কবির হোসেন, সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদ নগর ব্যপারিপাড়া মহল্লার সুজন শেখ ও সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা বাবু।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এ.পি.পি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করে বলেন, আসামী সুজন শেখ ও রানা বাবুকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অপর দিকে আসামী কাজী বুলবুল হোসেন ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে শহরের মিলন মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুজন শেখ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ৫টি (এ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মাসুদ রানা বাবুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০টি (এ্যাম্পল) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
অপর দিকে, ২০১৩ সালের ২১ মার্চ যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ডিউটি করাকালীন সময় জানতে পারে ঝিনাইদহ ভারতীয় সিমান্ত হতে ভারতীয় ফেনসিডিল নিয়ে একটি ট্রাক গাজীপুরের দিকে যাচ্ছে। পরে পুলিশ সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়।
বিকেলের দিকে একটি ট্রাক দেখে পুলিশ থামানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালক ও হেলপাড় পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ট্রাক সহ আটক করে। পরে ট্রাতে তল্লাশী চালিয়ে ৪৯৭ বোতন ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আজ এই দুটি মামলায় একই আদালত চারজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
ভোরের আকাশ/ র.ই