কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ, প্রশ্নপত্রের মান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে শহরের ব্যস্ততম এলাকা মজমপুর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচিতে মজমপুর মোড়সহ শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশজুড়ে বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা না করেই তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শিক্ষার্থীদের ওপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে।
বিক্ষোভকালে শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয়— "শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং শিক্ষার্থীদের দাবি মানতে হবে। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে স্পষ্টভাবে জানান, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থা পরিচালনায় নীতিনির্ধারকদের আরও শিক্ষার্থীবান্ধব ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অটল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
ভোরের আকাশ/র.ই