চাঁদপুরে ভুল ইনজেকশনে শিশুদের হাত বিকল, অভিযুক্ত পলাতক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডিগ্রিহীন এক কথিত চিকিৎসকের দেওয়া ইনজেকশনের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শিশু ও নারীর হাত বিকল হওয়ার অভিযোগ উঠেছে।
অ্যালার্জির চিকিৎসার নামে দেওয়া ওই ইনজেকশনের কারণে ভুক্তভোগীদের হাত শুকিয়ে যাওয়া এবং মাংসপেশি ক্ষয়ের মতো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম রিয়াজুল হক। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ফকির বাজার এলাকায় চিকিৎসা দিয়ে আসছিলেন।
সম্প্রতি তাঁর কাছ থেকে ইনজেকশন নেওয়ার পর ১৮ মাস বয়সী শিশু আব্দুল আহাদ, শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও ইয়াছিনসহ বেশ কয়েকজনের হাত অবশ ও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। চিকিৎসকরা জানিয়েছেন, ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুক্তভোগীদের হাতের ভেতরের রগ ও টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, তদন্ত কমিটি সরেজমিনে ঘটনার সত্যতা পেয়েছে। ভুল পদ্ধতিতে ইনজেকশন দেওয়া বা ওষুধের প্রতিক্রিয়ায় এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার পর থেকেই কথিত চিকিৎসক রিয়াজুল হক গা ঢাকা দিয়েছেন এবং তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
ভোরের আকাশ/র.ই