আর্জেন্টিনার খেলা দেখা শেষে পা পিছলে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উওর শিয়ালকাঠী গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা শেষে পা পিছলে নদীতে পড়ে আলী হোসেন মাঝি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালকাঠি গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ৭৫ বছর বয়সী আলী হোসেন মাঝি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীতে খেজুর গাছের ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি স্রোতের টানে ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান।
পরবর্তীতে স্থানীয় বরফ কলসংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। পরে স্থানীয় লোকজন নৌকার সাহায্যে লাশটি উদ্ধার করেন। এবং সেটি আলী হোসেন মাঝির লাশ বলে শনাক্ত করা হয়।
মৃত আলী হোসেন মাঝির ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি জানান, তিনি মঞ্জু মার্কেটে গিয়ে ফুটবল খেলা দেখেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/এম