চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল থামিয়ে লাঠিপেটা, নিখোঁজ বাইক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তালতলী মোড় বিলে মোটরসাইকেল থামিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন। তবে এটি ছিনতাই নাকি ডাকাতি তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলী মোড় বিলে ৪ বন্ধু দুটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথিমধ্যে দুর্বৃত্তরা বাশের লাঠি দিয়ে আঘাত করলে মোটরসাইকেল চালক শিক্ষার্থী মো. হাবিব গুরুতর আহত হন। এ সময় পেছনের আরোহী রোহানসহ অপর বাইকে থাকা হাসিব ও মোবাচ্ছের আঘাতপ্রাপ্ত হন।
সংবাদ পেয়ে বিলে দায়িত্বরত চেকপোস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাবিবকে উদ্ধার করে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ৩ কিলোমিটার আগের ও পেছনের দূরত্ব এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিকতা বিবেচনা করে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এটি ডাকাতি নাকি ছিনতাই এর ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
ভোরের আকাশ/আ.র