দিনাজপুরে চালক ও পরিবহন শ্রমিকদের জন্য আই ভিশন সেন্টারের শুভ উদ্বোধন

দিনাজপুরে বাস চালক ও পরিবহন শ্রমিকদের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং সুলভে চিকিৎসা সেবার মানোন্নয়নে কম্প্রেহেনসিভ আই কেয়ার সার্ভিস কার্যক্রম চালু হয়েছে। গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও গুড পিপল ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই ভিশন সেন্টার স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে পরিবহন খাতের কর্মীদের জন্য মানসম্মত চক্ষুসেবা আরও সহজলভ্য করবে।
বুধবার (২৯জুলাই) মির্জাপুর বাস টার্মিনালে আই কেয়ার ভিশন সেন্টারের কার্যক্রমের যাত্রা শুরু করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিশন কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (গাউসুল আযম আই হসপিটাল) দিনাজপুরের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য একজন চালকের সুস্থ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মির্জাপুর ভিশন সেন্টার পরিবহন শ্রমিকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে, যা সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “সড়ক নিরাপত্তায় চালকের দৃষ্টি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চক্ষু পরীক্ষা দুর্ঘটনা ঝুঁকি হ্রাস করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: গোলাম রসুল রাখি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আইয়ুব আলী, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, গুড পিপল ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার মিনহাজ আহমেদ, ডা. কে. জামান বিএনএসবি আই হসপিটালের সাধারণ সম্পাদক মোছাদ্দেকুল ইজদানী।
এছাড়াও শরীফুজ্জামান পরাগ, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা , উপজেলা বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পালক মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ুমসহ রাজনৈতিক ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ বলেন, এই ভিশন সেন্টারে অরবিসের বিশ্বখ্যাত টেলিমেডিসিন ও ই-লার্নিং প্ল্যাটফর্ম সাইবারসাইট (Cybersight) ব্যবহার করা হবে। এর মাধ্যমে স্থানীয় চক্ষুসেবা কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রিয়েল-টাইম ভিডিও কনসালটেশনের মাধ্যমে রোগীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দিতে পারবেন। এছাড়া এখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও গ্লুকোমা স্ক্রিনিং এবং রেফারেলের সুবিধাও থাকবে।ফলে দিনাজপুরের বাস চালক, পরিবহন শ্রমিক ও আশপাশের জনগণ নিজ এলাকাতেই সাশ্রয়ী ও মানসম্মত চক্ষুসেবা গ্রহণের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগ শুধু দৃষ্টিশক্তি রক্ষা নয়, বরং সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং কর্মজীবী মানুষের উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ভোরের আকাশ/এনএস