সরফরাজ যাচ্ছেন গোপালগঞ্জে
হবিগঞ্জের নতুন ডিসি জাকির হোসেন

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ড. জি.এম. সরফরাজকে (পরিচিতি নম্বর ১৬৩৬১) হবিগঞ্জ থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে (পরিচিতি নম্বর ১৬৮০৪) হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর ১৬৭৯৫) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক রদবদলের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠ প্রশাসনে এই পরিবর্তন আনা হলো।
ভোরের আকাশ/রই