বগুড়ায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে র্যালি ও কর্মশালা

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বানে বগুড়ায় র্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'লাইট হাউজের' উদ্যোগে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কিশোর-কিশোরীদের অধিকার, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা, অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে নীরবতা পরিহার করে প্রতিবাদ গড়ে তোলা এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোছা. সানজিদা নাসরিন, উপজেলা সমন্বয়কারী রুমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের এরুলিয়া ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটর মো. মোস্তাফিজুর রহমান, এরুলিয়া ইউনিয়নের কিশোর-কিশোরী ও নারী সহায়তা ফোরামের সদস্য মোছা. আজমিয়ারা খাতুনসহ সংশ্লিষ্টরা।
প্রকল্পটি নাগরিকতা (CEF) কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
ভোরের আকাশ/রই