শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহত

বাথুলিসাদীর ৮০ কারখানার ৭০টিই বন্ধ, সংসার চালাতে না পেরে পেশা বদল

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের শাল-চাদর শিল্প, বন্ধ ৭০ কারখানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

একসময় যে তাঁতের খটখট শব্দে মুখর থাকত টাঙ্গাইলের বিভিন্ন গ্রাম, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। সুতা ও রঙের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পাওয়ার লুমের সঙ্গে অসম প্রতিযোগিতা, শ্রমিক সংকট ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় অস্তিত্ব সংকটে পড়েছে জেলার ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প। 

উৎপাদন খরচ বাড়লেও মিলছে না পণ্যের ন্যায্যমূল্য। ফলে লোকসানের বোঝা সামলাতে না পেরে কারখানা বন্ধ করছেন মালিকরা। জীবিকার তাগিদে পেশা বদলাচ্ছেন বংশপরম্পরায় তাঁতশিল্পের সঙ্গে যুক্ত দক্ষ কারিগররাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিআই স্বীকৃত টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাশাপাশি বাহারি সুতা ও নিপুণ কারুকাজে তৈরি শাল-চাদরেরও দেশজুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। জেলার বাসাইল উপজেলার বাথুলি সাদী, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে এসব শাল-চাদর তৈরির কারখানা গড়ে উঠেছে। তবে সবচেয়ে বেশি কারখানা রয়েছে বাসাইলের বাথুলি সাদী গ্রামে।

একসময় এ গ্রামে ৮০টি কারখানা সচল ছিল। কিন্তু কাঁচামালের মূল্যবৃদ্ধি, পাওয়ার লুমের দাপট ও দক্ষ কারিগরের সংকটে এর মধ্যে ৭০টি কারখানাই বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, বাজারজাতকরণের সুনির্দিষ্ট নীতিমালার অভাব ও লোকসানের আশঙ্কায় নতুন করে বিনিয়োগেও আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।

তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি ও নকশার বৈচিত্র্য অনুযায়ী প্রধানত ছয় ধরনের শাল ও চাদর তৈরি হয়। বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠীসহ বিভিন্ন নকশার এসব পণ্য আকার ও মানভেদে ভিন্ন দামে বিক্রি হয়।

এর মধ্যে রয়েছে হালকা শীতের জন্য আরামদায়ক সুতি সুতায় তৈরি খাঁটি সুতি চাদর। তীব্র শীতের উপযোগী শতভাগ উল বা পশমি সুতা দিয়ে তৈরি হয় উষ্ণ ও মোলায়েম শাল। উৎসব ও অনুষ্ঠানে ব্যবহারের জন্য সুতির সঙ্গে সিল্ক বা কৃত্রিম সুতার সংমিশ্রণে তৈরি হয় সিল্ক ও মিক্সড সুতার চাদর।

এ ছাড়া টাঙ্গাইল শাড়ির আদলে জামদানি বা জ্যাকার্ড তাঁতে নকশা করা শাল, একরঙা জমিনে চিকন চেলি পাড়ের নকশার চাদর এবং ব্লক প্রিন্ট, বাটিক ও সুতার এমব্রয়ডারি করা আধুনিক ফ্যাশনেবল শালও তৈরি হয়। নারীদের ব্যবহারের শাল সাধারণত প্রস্থে দুই থেকে আড়াই হাত এবং দৈর্ঘ্যে চার থেকে পাঁচ হাত হয়ে থাকে। পুরুষদের জন্য চার হাত চওড়া ও সাত থেকে নয় ফুট লম্বা কিং সাইজ চাদরও তৈরি করা হয়। মান ও হাতের কাজের সূক্ষ্মতাভেদে প্রতিটি চাদর ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

বাথুলি সাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম জানান, সুতার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আগের মতো ব্যবসায় লাভ থাকছে না। ব্যাংক ও উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা চালানোর পর কিস্তি পরিশোধ করে পরিবার নিয়ে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। লোকসানের কারণে তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন। বর্তমানে চালু রয়েছে মাত্র ২২টি তাঁত।

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, ‘কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। টাঙ্গাইল শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ ও স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করলে এই শিল্প টিকে থাকত।’

তাঁর দুটি কারখানায় আটটি পাওয়ার লুম ও ছয়টি খটখটি তাঁত রয়েছে। তবে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে যেকোনো সময় কারখানা দুটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

অন্যদিকে, মজুরি বৈষম্য ও স্বল্প আয়ের কারণে মানবেতর জীবনযাপন করছেন এ শিল্পের কারিগররা। দীর্ঘদিন ধরে তাঁতশিল্পে কাজ করা মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা ২০টি চাদর বুনতে পারেন। প্রতিটি চাদরের বিপরীতে মজুরি পান মাত্র ২৫ টাকা।

আরও পড়ুন

গাইবান্ধায় শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা, সংঘর্ষের শঙ্কা

অন্যদিকে, খটখটি তাঁতে দিনে সর্বোচ্চ ছয় থেকে সাতটি চাদর বোনা সম্ভব। এতে প্রতিটি চাদরের জন্য মজুরি পাওয়া যায় ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারদরে এই সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক দক্ষ কারিগর বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘কাঁচামালের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে অনেক মালিক লোকসানে পড়ে কারখানা বন্ধ করে অন্য পেশায় ঝুঁকছেন। সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: