মাদক ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান: নওগাঁর পুলিশ সুপার

মাদক ও অপরাধ প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রোববার (১৬ আগস্ট) বিকেলে ধামইরহাট থানাধীন ইসবপুর উচ্চ বিদ্যালয়ে অপরাধ দমন ও মাদক প্রতিরোধে কার্যকর এবং জনবান্ধব পুলিশিং গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, মাদক ও অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো অপরাধ বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
সভায় ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কে এম লায়েক আলী, সহসভাপতি আলহাজ মো. হানজালা, সহসভাপতি মো. শামীম কবির মিল্টন, ইসবপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. হিরো এবং ৭ নম্বর ওয়ার্ড ইসবপুর কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
ভোরের আকাশ/সু.পা