বরিশালে মাসুদুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বরিশালের কোতয়ালী থানার চাঞ্চল্যকর মাসুদুর রহমান (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মো. লোকমান হোসেন (৩৬)-কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮, বরিশাল ও র্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যায় বরিশালের কলেজ এডিনিউ জিমি ভবনের ২য় তলায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাসুদুর রহমানকে হত্যার চেষ্টা চালায় লোকমান ও তার সহযোগীরা। লোহার রড, হাতুড়ি, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার পর তার কাছে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ভিকটিম মারা যান।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে।
অবশেষে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
ভোরের আকাশ/জাআ