সাতকানিয়ায় যোগদানের ২৪ দিনের মাথায় বদলি এসি ল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদকে যোগদানের মাত্র ২৪ দিনের মাথায় বদলি করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাইড়া উপজেলা ভূমি অফিসে বদলি এবং আগামী ২১ আগস্টের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গত ২৮ জুলাই সাতকানিয়া উপজেলায় যোগদান করেছিলেন কফিল উদ্দিন। দায়িত্ব নেয়ার পর অল্প সময়ে তিনি জনসেবায় আন্তরিকতা ও তৎপরতার কারণে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেন। তবে আকস্মিক এই বদলিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বিস্ময় ও প্রশ্ন উঠেছে।
প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’ উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কফিল উদ্দিন স্যার দায়িত্বে ছিলেন আন্তরিক ও জনবান্ধব। তবে তার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হওয়ায় হয়তো বদলির পেছনে সেটিও একটি কারণ হতে পারে।”
স্থানীয়রা মনে করছেন, সাতকানিয়ার মতো বৃহৎ উপজেলায় তিনি আরও কিছুদিন দায়িত্বে থাকলে জনসেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারতেন। ফলে এই হঠাৎ বদলি নিয়ে জনমনে আক্ষেপ বিরাজ করছে।
ভোরের আকাশ/জাআ