নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহাদুল আলম খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে জন্য যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
এসময় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্যসচিব মো. রাশেদ রেজাউদ্দৌলা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ ও সদস্যসচিব আবু সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীবসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভোরের আকাশ/ এনউব