টেকনাফে পলাতক আসামি শাহ আলম গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করার মামলার দীর্ঘদিনের পলাতক আসামি শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। শুক্রবার (১৫ মে) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।গ্রেপ্তার শাহ আলম টেকনাফ থানার চাঞ্চল্যকর একটি মামলার প্রধান পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
র্যাব সূত্রে জানা যায়, মামলার পর থেকে শাহ আলম আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে আসছিল র্যাব-১৫। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলমের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া (কাচারপাড়া) এলাকায়। তার পিতার নাম আব্দুল রহমান।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম