নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক কারবারি ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেফতার আসামি নাদিম (২২) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে নাদিমকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে পরিচালিত গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় সতেরোটি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, এগারোটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি মো: নাদিম পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিমের বসতঘর থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।
অনুসন্ধান শেষে র্যাব-১১ জানায় আসামি পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরি করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে বলে জানা যায়।
আসামি নাদিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.