দুর্গাপূজায় নাশকতা ও অপতৎপরতা রোধে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা কিংবা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বুধবার (৭ অক্টোবর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
বিএনপির পক্ষ থেকে একই চিঠিতে দেশের অন্যান্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদেরও নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা, ষড়যন্ত্র কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেদিকে বিএনপির নেতাকর্মীদের সার্বক্ষণিক নজর রাখতে হবে। নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
এ লক্ষ্যে জেলা সদর ও মহানগর থেকে শুরু করে উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে দিন-রাত নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
দলের নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক করে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবেন। একই সঙ্গে জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে কেন্দ্রীয় নির্দেশনা পৌঁছে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ভোরের আকাশ/আ.র