চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী

চাঁদপুরে শতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং আত্মরক্ষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন ও সোতোকান কারাতে একাডেমির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কারাতে শেখার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি আত্মরক্ষার কৌশল অর্জন করা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণার্থীদের অধিকাংশই স্কুলপড়ুয়া শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও শেখার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিপক্ষের প্রতি বিরূপ মনোভাব রাখা যাবে না।
জেলা প্রশাসক আরও বলেন, প্রশিক্ষণার্থীরা কারাতে শিখে ভালো পর্যায়ে পৌঁছাবে, এটাই তার প্রত্যাশা। কারাতে চর্চার ক্ষেত্রে ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে তাকে জানানো যাবে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ। সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।
দিনব্যাপী এ সেমিনারে প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কৌশল, শারীরিক দক্ষতা বৃদ্ধি এবং আত্মরক্ষার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ভোরের আকাশ/আ.র