লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে আগুনে শিশুর মৃত্যু: মামলা

লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতি (৮) নিহত হওয়ার ঘটনায় চার দিন পর মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি (৮) ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় বেলাল হোসেনসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। গুরুতর আহত স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। অপরদিকে বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়। চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে রয়েছেন।
ভোরের আকাশ/মো.আ.