দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে
চাঁদপুরে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি মানিকের

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল ও শরিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি মানিক বলেন, “বাংলাদেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে।” দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি অপপ্রচার, উসকানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।
সভায় জেলা জামায়াতে ইসলামী, পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর প্রেসক্লাব, বিএনপি, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/ এনউব