চাঁদপুরে হামলায় প্রবাসী নিহত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় মাদকসেবী ভাতিজাকে খুঁজতে যাওয়া একদল যুবকের হামলায় শাহজাহান পাটোয়ারী সাজু (৫০) নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে তাকে পিটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতের পরিবারের।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ও স্বজনরা মহামায়া এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শাহজাহান পাটোয়ারী মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ মাহমুদ স্বপনের নির্দেশে শাকিলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একদল যুবক মাদকসেবী জিসানকে (২৫) ধরে আনতে মান্দারী এলাকায় যায়। এ সময় জিসানের চাচা শাহজাহান পাটোয়ারী তাদের এই কর্মকাণ্ডের কারণ জানতে চান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর চড়াও হয় এবং বাঁশ ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান মেডিকেল অফিসার ডা. রূপক আহমেদ।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ইউএম