সিদ্ধিরগঞ্জে ময়লাবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের মান্নান খন্দকারের ছেলে।
অপরদিকে নিহত ব্যক্তি কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। দুর্ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক জানান, দুর্ঘটনার সঠিক কারণ ও সংশ্লিষ্ট ট্রাক সম্পর্কে তদন্ত চলছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহত দুজন একই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, মোটরসাইকেল ও বর্জ্যবাহী ট্রাক একই দিকে যাচ্ছিল এবং ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। আবার কেউ কেউ বলছেন, ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন জানান, মাসুম বিল্লাহ তার নিজস্ব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং জিলানী পেছনের আসনে ছিলেন। তারা দশপাইপ এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নিহতদের পরিবারের পাশে সিটি করপোরেশন থাকবে এবং তাদের প্রতি সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
ভোরের আকাশ/এম