সাতক্ষীরার সব আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার সব আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা–১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের বিজয়ীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল ঘোষণা করেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) এই আসনে ১৬৮টি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট।
সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) ১৮০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আব্দুর রউফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) ১৬৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। প্রায় ৩৮ হাজার ৯৩৯ ভোটের ব্যবধানে জয়ী হন রবিউল বাসার।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ৯৬টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের বর্ষীয়ান নেতা গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে পুনরায় নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম।
ভোরের আকাশ/ র.ই