সাভার থেকে গ্রেপ্তার সাকিবুল হত্যা মামলার প্রধান আসামি

বহুল আলোচিত অটোরিকশাচালক কিশোর সাকিবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামানকে (৩৪) সাভারের হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া এলাকার বাসিন্দা। সাভারের একটি আবাসিক হোটেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুন গ্রামের বাড়ি সিংগাইর উপজেলার গোলাই এলাকায় যাওয়ার জন্য মিতরা বাসস্ট্যান্ড থেকে সাকিবুলের অটোরিকশায় ওঠেন আসাদুজ্জামান। পথে সড়কের বেহাল অবস্থার কারণে অটোরিকশায় অতিরিক্ত ঝাঁকুনি হলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা রাস্তার পাশের একটি পাটক্ষেতে পড়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে সাকিবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পিবিআই জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পড়ে থাকা আসামির একটি স্যান্ডেল আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সিসিটিভি ফুটেজ, আলামত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন এবং আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/জেআ