শ্রীপুরে রিকসা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ ও অটোরিকশা গজারী বনের পাশে ফাকা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহের পাশে পাওয়া গেছে নারীর ওড়না, জুতাজোড়া ও চুলের ব্যান্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উজ্জামান। হত্যার রহস্য উদঘাটনে ঘটনাস্থলে এসেছে সিআইডি, পিবিআই, ডিবিসহ আইন প্রয়োগ কারী সংস্থার সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে এ গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত মেহেদী হাসান আসিফ (২২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার (১৩ মে) বিকালে অটোরিকশা নিয়ে বের হয় আসিফ। প্রতিদিনের মতো ১১ টার মধ্যে বাড়ি ফেরে। কোনদিন ১১ টার বেশি রাত করে বাড়ি ফিরে না আমার ছেলে। রাত বেশি হলে তাকে ফোন করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর খুঁজাখুঁজি শুরু হয়। অনেক অটোরিকশা চালকের সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু তারা কোন খোঁজ দিতে পারেনি। এভাবে রাতভর খুঁজাখুঁজি করলেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কে জানি ছেলের অটোরিকশা ফেলে গেছে। তারপর থেকে দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। সকালে খুঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ দেখতে পাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার পূর্বক তদন্ত শুরু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গলাকাটা হয়েছে। নাড়ীর ওড়না জুতোজোড়া মাথার চুলের ব্যান্ডের রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান ও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ভোরের আকাশ/ইউএম