নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ রাথার নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের কাছের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার বাসিন্দা। তিনি আলতাফ হোসাইন রাথারের ছেলে এবং বুড়িচংয়ের ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সোমবার রাত আনুমানিক ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছাকাছি একটি ভারতীয় খাবারের হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নিখোঁজের ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁর মা ও কলেজ কর্তৃপক্ষ বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন মনিপুর গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ি ও বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে কলেজ কর্তৃপক্ষ ও তাঁর মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম গণমাধ্যমকে জানান, আদনান কিছুটা মানসিক স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে কলেজ ক্যাম্পাসে থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তাঁকে উদ্ধারে তৎপর ছিল। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, একজন বিদেশি মেডিকেল শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ভোরের আকাশ/ এনউব