সাতকানিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ঘর নিয়ে ভাড়া বাণিজ্য

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খোর্দ্দর কেঁওচিয়া আশ্রয়ণ কেন্দ্র নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
সরকারি তথ্য অনুযায়ী, এখানে ২৭টি পরিবার থাকার কথা থাকলেও বর্তমানে বসবাস করছে মাত্র ১০টি পরিবার।
স্থানীয়দের দাবি, বাকি পরিবারগুলো ঘর ভাড়া দিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেছেন।
অভিযোগ উঠেছে—যারা প্রকৃত ভূমিহীন ও দরিদ্র, তারা আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি। বরং তুলনামূলক সচ্ছল ব্যক্তিরা ঘর পেয়েছেন। ফলে তারা আশ্রয়কেন্দ্রে বসবাস না করে ঘর ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন।
ক্ষুব্ধ হয়ে বাকী ১০ পরিবারে সদস্য'রা জানান, যারা ঘর পেয়েছে তারা ভাড়া দিয়ে নিজ বাড়িতে চলে গেছে। তাদের কারণে আমরা সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছি না।”
ভুক্তভোগীরা আশ্রয় কেন্দ্রের প্রকৃত উপকারভোগীদের তালিকা পুনর্নির্ধারণ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, কয়েকজন ঘরপ্রাপ্ত মালিক স্বীকার করে বলেন, “আমরা কিছুদিন আগে ঘর ভাড়া দিয়েছি। কারণ সেখানে সংসার চালাতে পারছিলাম না। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।”
এই বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/মো.আ.