শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

নানা আয়োজনে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ লড়াই, রক্তক্ষয়ী যুদ্ধ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে পঞ্চগড়কে মুক্ত করেছিলেন। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি পঞ্চগড়বাসীর জন্য অত্যন্ত গৌরব, আনন্দ ও আত্মত্যাগের স্মারক। প্রতিবছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাশে অবস্থিত শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অসামান্য অবদান রয়েছে। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মুক্তিযুদ্ধের ইতিহাসে পঞ্চগড়ের মুক্তির প্রেক্ষাপট ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করে। এরপর দেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর আক্রমণ ছড়িয়ে পড়ে। তবে পঞ্চগড় ১৬ এপ্রিল পর্যন্ত শত্রুমুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় শহর দখল করে নেয়।

পরবর্তীতে পাকিস্তানি বাহিনী জেলার চারটি উপজেলা দখলে নিলেও তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। অমরখানা এলাকায় চাওয়াই নদীর ওপর অবস্থিত সেতুটি মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই তেঁতুলিয়া শত্রুমুক্ত ছিল। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়া সে সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। অস্থায়ী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সভা ও নানা কার্যক্রমও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

নভেম্বর মাসে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পঞ্চগড় মুক্ত করার অভিযান আরও জোরদার হয়। ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানের ওপর আক্রমণ শুরু করে। একের পর এক এলাকা শত্রুমুক্ত হতে থাকে।

যুদ্ধের ধারাবাহিকতায় ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট এবং ২৬ নভেম্বর শিংপাড়া মুক্ত হয়। ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর ও ধামোর এলাকা শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এরপর রাতেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পঞ্চগড় সিও অফিস এবং ঘাটিয়ারপাড়া এলাকায় নিজেদের সম্মুখ অবস্থান তৈরি করে।

২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরের চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালান। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ও যৌথবাহিনীর আক্রমণে শহরের পূর্বদিকে প্রতিরক্ষা অবস্থানে থাকা পাকিস্তানি সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করে। তারা টুনিরহাট, দেবীগঞ্জ হয়ে ডোমারের দিকে কাঁচা সড়ক ধরে সৈয়দপুরের অভিমুখে পালিয়ে যায়।

২৮ নভেম্বর রাতে মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। অবশেষে হানাদার বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ২৯ নভেম্বর ভোরে শত্রুমুক্ত হয় পঞ্চগড়। উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

রক্তের বিনিময়ে অর্জিত পঞ্চগড়ের মুক্তি,পঞ্চগড়কে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অসীম সাহসিকতার পরিচয় দেন। এ সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। আহত হন আরও অনেকে।

আরও পড়ুন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত হয় পঞ্চগড়ের স্বাধীনতা। তাই ২৯ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি পঞ্চগড়বাসীর গর্ব, বীরত্ব, শোক ও বিজয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।

প্রতিবছর এ দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: