জীবননগরে ১০ লিটার চোলাইমদসহ গ্রেফতার ১

জীবননগরে অভিযান চালিয়ে ১০ লিটার অবৈধ চোলাইমদসহ মোঃ উজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উজ্জল হোসেনের দখলীয় দোকানঘর তল্লাশি করে একটি প্লাস্টিকের জারিকেনে রাখা ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। গ্রেফতার উজ্জল হোসেন জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জ গঞ্জের মোড় এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ভোরের আকাশ/এম