ময়মনসিংহে বাসে তল্লাশি, মাদকসহ গ্রেফতার ২

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৩৩ বোতল মাদকদ্রব্যের সিরাপ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রঘুরামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ‘আলিফ সুপার’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার মো. আসাদ মিয়া (৪২) ও মাদারীপুর জেলার মো. রানা (২৪)।
এসআরবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহের কোতোয়ালি থানার রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘আলিফ সুপার’ নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
সূত্র জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের হেফাজতে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তাঁদের কাঁধে থাকা ব্যাগ ও ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রাখা ২৯৩ বোতল এসকাফ সিরাপ ও ১৪০ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও মাদক কেনাবেচার ১৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৪। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামতসহ তাঁদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা