ঝিনাইদহের সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় উপজেলার ত্রিলোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
মৃতের মামা খলিলুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হয় ইমরান। এসময় একটি সাপ তার ডান পায়ে কামড় দিলে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে সেখানে এন্টিভেনম না থাকায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর রাত ৪টার দিকে ইমরান মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই