নিয়ামতপুরে অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযথ অনুমোদন ও টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার পাশের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া-ছাতমা আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার পাশের গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে গাছ কাটার অনুমোদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কিংবা এ বিষয়ে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আরমান আলী, গিয়াস উদ্দিন ও সুকুর আলী বলেন, যেভাবে সরকারি রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে, তাতে পরিবেশের ক্ষতি এবং সরকারি সম্পদ হারানোর আশঙ্কা রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২ টার সময় সরেজমিনে বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া-ছাতমা সড়কে গিয়ে সরকারি রাস্তার পাশের গাছ কাটার দৃশ্য দেখা যায়। তবে গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা কার নির্দেশে বা কার অনুমতিতে গাছগুলো কাটা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি সম্পদ রক্ষায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন বলেন, “বিষয়টি আমি খতিয়ে দেখছি। প্রশাসনের অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কাটার কোনো বিধান নেই।”
এ ঘটনায় গাছ কাটার বৈধতা যাচাই, সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
ভোরের আকাশ/সু.পা