খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে ইউএনও’র কক্ষের আসবাবপত্র, সোফা সেট, বড় এলইডি টিভি, আইপিএসসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ইউএনও’র কার্যালয়ে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বুধবার সকালে তাঁর অফিস কক্ষে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. ইজহারুল হক জানান, রাতে ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী মো. অলি মিয়া, গ্রাম পুলিশ জাহেদ মিয়া ও অন্তু দাস। তাঁরা ভবনের নিচতলায় পাহারারত অবস্থায় ছিলেন।
অন্যদিকে, দ্বিতীয় তলায় অবস্থিত ইউএনও’র কার্যালয়টি কেচি গেট দিয়ে তালাবদ্ধ ছিল। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা গেটের তালা খুলে ওপরে গিয়ে ইউএনও’র কক্ষের কাছে আগুন দেখতে পান।
এ সময় হাতের কাছে থাকা দুটি অগ্নিনির্বাপক স্প্রে ব্যবহার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে তাঁদের চিৎকারে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা সাজেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ এলাকার লোকজনের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ছোট ছোট বালতি দিয়ে সামনের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ভবনটি পাকা হওয়ায় আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি। ভবনটি কাঠ-বাঁশের তৈরি হলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হতো।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি। ওপরতলার কক্ষের প্রবেশপথ গেট ও তালা দিয়ে বন্ধ ছিল। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউএনওর কক্ষ ছাড়া অন্য কোন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ভোরে আমার অফিসকক্ষে আগুন লাগার খবর পাই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ অফিস কক্ষের সকল দরজা জানলা বন্ধ ছিল।
আগুনে অফিস কক্ষের বসার সোফা সেট, বড় এলইডি টিভি, আইপিএসসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশের চা তৈরির কক্ষের দরজাগুলোও পুড়ে গেছে। তবে পাশের অন্য কোন কক্ষের ক্ষতি হয়নি। তবে ভিষয়টি তদন্ত সাপেক্ষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।
ভোরের আকাশ/রই