মা ইলিশ রক্ষায় মেঘনায় এমপি মানিকের আকস্মিক অভিযান

মা ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের মেঘনা নদীতে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় নিষিদ্ধ কারেন্ট জালসহ একটি নৌকা জব্দ, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা আরও কয়েকটি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পাশাপাশি মা ইলিশ শিকারের প্রস্তুতি নেওয়া জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্পিডবোট নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অভিযানের শুরুতে চাঁদপুর বড়স্টেশনের ডাকাতিয়া নদীতে নিষিদ্ধ কারেন্ট জালসহ একটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়।
এরপর সংসদ সদস্য লঞ্চঘাটসংলগ্ন টিলাবাড়ি এলাকায় যান। সেখানে প্রায় অর্ধশতাধিক জেলেকে জালসহ নদীতে মা ইলিশ শিকারের প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় তিনি জেলেদের সঙ্গে কথা বলেন এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
পরে তিনি স্পিডবোটে মেঘনা নদীর পুরাণবাজারের পুরাণ ফায়ার সার্ভিস এলাকা, রওনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া পর্যন্ত টহল দেন। এ সময় নদীতে পেতে রাখা আরও কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জালগুলো নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মা ইলিশ রক্ষায় নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, জেলেদের সচেতন করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। নদীর বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ, অবৈধ জাল জব্দ এবং জেলেদের সতর্ক করার মধ্য দিয়ে ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ এনউব