ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি বিভাগীয় কমিশনার ডিআইজিসহ ডিসি এসপি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার ধামরাইয়ে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা- ২০ ধামরাই আসনের সংসদ সদস্য, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে তারা উপজেলার ঐতিহাসিক যাত্রাবাড়ি মাঠে ও কায়েৎপাড়া, রথখোলায় স্থাপিত পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন ঢাকা-২০ 'ধামরাই আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে কর্মকর্তারা উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী পূজামণ্ডপ ও মাধব মন্দির সংলগ্ন পূজামণ্ডপসহ ৩ টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। তারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার , আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন স্থানীয় এমপিসহ ঢাকা বিভাগের দ্বায়িত্বরত কর্মকর্তারা। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
ভোরের আকাশ/ এনউব