কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ না করায় শেরপুরে নারী গ্রেপ্তার

সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মোছা. হাফিজা পারভীন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের বাগরাকসা মহল্লায় তাঁর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, ২০২০ সালের ২ ডিসেম্বর হাফিজা পারভীন শেরপুর কৃষি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী সুদ-আসলসহ ঋণের পুরো টাকা ২০২১ সালের ২ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি ঋণ পরিশোধ করেননি।
ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। পরে গত ৪ মে শেরপুর কৃষি ব্যাংকের পক্ষ থেকে বাদী হয়ে আদালতে মামলা করা হয়। মামলাটির নম্বর সিআর মামলা নং-৭১৭/২০২৬।
মামলার পর আইনি প্রক্রিয়া শেষে গত ২ সেপ্টেম্বর হাফিজা পারভীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যাংক সূত্র আরও জানায়, বর্তমানে হাফিজা পারভীনের কাছে ব্যাংকের মোট পাওনা প্রায় দেড় লাখ টাকা। তিনি শেরপুর শহরের বাগরাকসা মহল্লায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ