টঙ্গীতে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের পর মেয়ের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে গ্যাসের লিকেজ হয়ে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবা-মায়ের পর মেয়ে তানিশা (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মেয়ে তানিশার মৃত্যুর খবর টঙ্গী পশ্চিম থানায় জানান।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, গত বুধবার থেকে বাবা লাল চান, মা নাসিমা ও মেয়ে তানিশা গ্যাস থেকে আগুনে গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত বুধবার রাত ৮টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা লাল চান মিয়া (৬০) ও মা নাসিমা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে মেয়ে তানিশার মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয় স্বামী লাল চান মিয়া, স্ত্রী নাসিমা ও তাঁদের মেয়ে তানিশা (১৬)। প্রতিবেশীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে দম্পতির মৃত্যু হয়।
ভোরের আকাশ/ এনউব