নিখোঁজ মাদ্রাসাছাত্র আব্দুর রহমানের সন্ধান চান পরিবার

লক্ষ্মীপুরের রামগতির জামেয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র শিশু আবদুর রহমান (১৪) গত ৩৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)২০২৬ সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা বাবাসহ পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আবদুর রহমান রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের উত্তর চর টুমচর (চর আফজাল) গ্রামের মো. সেলিম ও হাজেরা খাতুন দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য বাড়িতে পাঠান। কিছুটা সুস্থ হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে পুনরায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় আব্দুর রহমান। পরবর্তীতে খোঁজ নিয়ে পরিবার জানতে পারে, সে মাদ্রাসায় পৌঁছায়নি।
ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর শিশুটির বাবা মো. সেলিম বাদী হয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে নিখোঁজের এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত শিশু আব্দুর রহমানের কোনো খোঁজ মেলেনি।
শিশুটির বড় ভাই, স্থানীয় একটি মসজিদের ইমাম মো. রাসেল কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছোট ভাইটি অসুস্থ ছিল। একটু সুস্থ হওয়ার পর সে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু আর ফেরেনি। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি। এতদিন ধরে ছোট ভাইটার কোনো খবর না পেয়ে মা-বাবা খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার ভাইকে দ্রুত খুঁজে বের করার ব্যবস্থা নেওয়া হোক।
কোনো সদয় ব্যক্তি শিশু আব্দুর রহমানের সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান,পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। শিশু টিকে খুজে পেতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
ভোরের আকাশ/ এনউব