ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মজসুদ রানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।
এ ছাড়া বক্তব্য দেন ওসমানপুর কারিতাস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইনচার্জ সিলভিয়া রোজারিও, এসডিডিবি প্রকল্পের অ্যানিমেটর আসুন্তা হেম্ব্রম, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্রী সজল চন্দ্র মণ্ডলসহ অনেকে।
বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ৫০ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি করে আম ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা