চাঁদপুরে মাটির নিচে পুঁতে রাখা ড্রামে মিলল ১১ কেজি গাঁজা, নারী মাদক কারবারি আটক

চাঁদপুর শহরের একটি বসতঘরের বারান্দায় মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১১ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ডিএনসি’র জেলা কার্যালয়ের একটি দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাসলিমা নামের ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দার মাটি খুঁড়ে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি তল্লাশি করে প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চাঁদপুরে মাদকমুক্ত সমাজ ও যুবসমাজ গঠনে এ ধরনের কঠোর ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ইউএম